ক্ষুধার্ত মৃত্যুর কবিতা   ৩ 

শুভদীপ নায়ক


এ মৃত্যু নীহারিকার মতো । চণ্ডালের মতো । লকলকে বীভৎস জিভ বাড়িয়ে দিচ্ছে নষ্ট প্রেমিকার দিকে ।

ছায়ার ভিতরে জীবাণুর সহবাস । সহবাসের ভিতরে শ্যাওলা রঙের রাত্রি । রাত্রি লুকিয়ে রাখে জনপদের সত্য ।

বিপন্ন মুহূর্তে একটা শুঁয়োপোকা গুটিয়ে নেয় নিজেকে । দিনরাত মুছে ফ্যালে দ্রাক্ষাফলের রক্ত । কেটে ফ্যালে টিউমার । পলাতক প্রতিটি রাতের ছুরি । বামহস্ত । এবং দু-পায়ের উপড়ানো নখ ।

মৃত্যু আসলে দেওয়ালে টাঙানো ন্যাংটো ছবি । উচ্ছ্বাস স্রোতের জল । স্ট্রিমলাইন শরীর । ইতর আতরগন্ধ মাখা ঠোঁটের তৃষ্ণা । পাতার শিরাবিন্যাস । স্বতন্ত্র শরীর ছেড়ে । মৃত্যু কেমন ধারালো অস্ত্রের মতো বুনে চলে অশ্লীল কোপ । মরণ চুম্বনে । মরণ তুষপোড়া আগুনে । কুমীরের চোয়ালে অতিনগ্ন স্তন যে যুবতীর । মৃত্যু সেখানেও ।

Comments